মুসলিম স্থাপত্যের নিদর্শন কোর্ট মসজিদ

মুসলিম স্থাপত্যশৈলীতে নির্মিত গোপালগঞ্জের কেন্দ্রীয় কোর্ট মসজিদ।

এটি জেলা শহরের প্রাণকেন্দ্র ব্যাংকপাড়ায় অবস্থিত। মসজিদটি শুধু একটি উপাসনালয় নয়, ইসলামী স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। প্রায় ৭৭ বছরের ঐতিহ্য ধারণ করে মসজিদটি জেলার অন্যতম ধর্মীয় ও দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। জেলার ঐতিহাসিক নিদর্শন এ কোর্ট মসজিদটি সংস্কার করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় মুসল্লিরা।

১৯৪৭ সালে ধর্মপ্রাণ মুসল্লিদের অর্থায়নে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তৎকালীন মহকুমা প্রশাসক কাজী গোলাম আহাদের তত্ত্বাবধানে নির্মাণকাজ সম্পন্ন হয়। পরবর্তী সময়ে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল খাজা নাজিমুদ্দিন আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন। মসজিদটি বর্তমান জেলা প্রশাসন ও স্থানীয়দের সমন্বয়ে পরিচালিত হচ্ছে।

দুই তলাবিশিষ্ট এ মসজিদটিতে একসঙ্গে ৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। স্থাপত্য বৈশিষ্ট্যে মসজিদটি বিশেষভাবে নজরকাড়ে। একটি সুউচ্চ মিনার ও পাঁচটি দৃষ্টিনন্দন গম্বুজ রয়েছে। সাদা মার্বেল পাথরের কারুকার্য ও সাদা রঙের আবরণ মসজিদটিকে দিয়েছে শান্ত ও স্নিগ্ধ এক আবহ। ভেতরে ঝোলানো সুবিশাল ঝাড়বাতি মসজিদের আভিজাত্যকে আরো সমৃদ্ধ করেছে। প্রাচীন নির্মাণশৈলী মসজিদের সৌন্দর্যকে করে তুলেছে আরো নয়নাভিরাম। এটি জেলার ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।

মসজিদে নামাজ আদায় করতে আসা প্রবীণ মুসল্লি মো. রফিকুল ইসলাম বলেন, ‘দেশ ভাগের সময় থেকেই এ মসজিদ আমাদের শহরের প্রধান ধর্মীয় কেন্দ্র। ছোটবেলা থেকে এর মিনার ও গম্বুজ আমাদের মুগ্ধ করে আসছে। তবে বর্তমানে দেয়ালের কিছু অংশে পলেস্তারা খসে পড়ছে, যা দ্রুত সংস্কার করা প্রয়োজন।’

স্থানীয় ব্যবসায়ী ও নিয়মিত এ মসজিদে নামাজ আদায়কারী আহমেদ উল্লাহ বলেন, ‘জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লির সংখ্যাও বেড়েছে। বিশেষ করে জুমার দিনে মসজিদে জায়গা সংকট দেখা যায়। মূল স্থাপত্যশৈলী অক্ষুণ্ন রেখে সংস্কার ও আধুনিকায়ন করা জরুরি হয়ে পড়েছে।’ এটি সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।

গোপালগঞ্জর জেলা প্রশাসক বলেন, ‘‌এ মসজিদ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটিতে জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয়রা যুক্ত রয়েছেন। জেলার মসজিদগুলোর সমস্যা চিহ্নিত করব। তারপর সমাধানের উদ্যোগ নেব। কোর্ট মসজিদ গোপালগঞ্জের একটি অনন্য স্থাপনা। এটির গুরুত্ব বিবেচনা করে সংরক্ষণ ও সংস্কারসহ প্রয়োজনীয় সবকিছু করা হবে।’

আরও