অভ্যন্তরীণ কাজে সিন্ডিকেট কর্তৃক নানান ধরনের হস্তক্ষেপের অভিযোগ তুলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলাম। আজ রোববার বিকাল তিনটায় সংস্থাটির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এসময় আজিজুল ইসলাম বলেন, আমি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি রেড ক্রিসেন্ট সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে। ১০০ কোটি টাকা দেনা ছিল, সেটাও পরিশোধের উদ্যোগ নেয়া হয়েছে এবং দেনা দেয়া হচ্ছে।
পদত্যাগের ঘোষণা দেয়া চেয়ারম্যান বলেন, শুরু থেকে নানাভাবে চেষ্টা করেছি রেড ক্রিসেন্ট সোসাইটিকে ঢেলে সাজাতে। কিন্তু সিন্ডিকেট এবং নানান হস্তক্ষেপের কারণে পেরে উঠতে পারছিলাম না, যার কারণে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের ঘোষণা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ডের মেম্বার এয়ার কমোডর (অব.) শাহে আলম, ডা. শেখ জাফর ও অধ্যাপক ডা. ইমরান বিন ইউসুফ।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম। ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আর্মড ফোর্সেসে কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেল হিসেবে দায়িত্বরত ছিলেন।