টুঙ্গিপাড়ায় ১৩ বছরের কিশোরীকে বিয়ে করে কারাগারে বর

কিছুদিন আগে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বারাইগাতী এলাকার হিরন্ময় চৌধুরীর ছেলে জয় চৌধুরীর সাথে টুঙ্গিপাড়ার নবুখালী গ্রামের এক কিশোরীর বিয়ে ঠিক হয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৩ বছরের কিশোরীকে বিয়ে করার অপরাধে বরকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী গ্রামে এ ঘটনা ঘটে।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার এ তথ্য নিশ্চিত করেন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বারাইগাতী এলাকার হিরন্ময় চৌধুরীর ছেলে জয় চৌধুরীর সাথে টুঙ্গিপাড়ার নবুখালী গ্রামের এক কিশোরীর বিয়ে ঠিক হয়। সোমবার রাতে নবুখালী গ্রামে বিয়ের অনুষ্ঠান হয়। তখন এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সেখানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে বাল্য বিবাহের অপরাধে বরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ বিশ্বাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে গিয়ে বাল্যবিবাহের সত্যতা মেলে। তখন মেয়ের কাগজপত্র যাচাই-বাছাই করে বয়স ১৩ বছর দেখা যায়। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে বর জয় চৌধুরীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া মেয়েকে তার পরিবারের জিম্মায় রাখা হয়। এছাড়া বর জয় চৌধুরীকে পুলিশ হেফাজতে কারাগারে পাঠানো হয়। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

আরও