২০ বছর পর নওগাঁ যাচ্ছেন তারেক রহমান, এটিম মাঠে জনসমুদ্রের প্রস্তুতি

বুধবার দুপুরে এটিম মাঠ এলাকা ঘুরে দেখা যায়, মঞ্চ তৈরি এবং মাইক লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। কাজ অনেকটাই এগিয়েছে। দলীয় প্রধানের এ জনসভা ধানের শীষের ভোটব্যাংককে আরো শক্তিশালী করবে, এমনটি প্রত্যাশা তৃণমূলের নেতাকর্মীদের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে নওগাঁ শহরের এটিম মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় দলীয় প্রধানের আগমনকে ঘিরে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে এবং সভাস্থলকে জনসমুদ্রে পরিণত করতে চলছে ব্যাপক প্রস্তুতি।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাজশাহী বিমানবন্দরে নেমে তিনি প্রথমে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় অংশ নেবেন। পরে রাজশাহী থেকে বগুড়া যাওয়ার পথে বিকাল ৩টার দিকে নওগাঁর এটিম মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। এ জনসভায় জেলার ৬টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়ার কথা রয়েছে।

জনসভাকে কেন্দ্র করে মাঠের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন কেন্দ্রীয় নেতারা। এরই অংশ হিসেবে রোববার (২৫ জানুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহিন শওকতের নেতৃত্বে একটি দল সভাস্থল পরিদর্শন করে এবং জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে এটিম মাঠ এলাকা ঘুরে দেখা যায়, মঞ্চ তৈরি এবং মাইক লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। কাজ অনেকটাই এগিয়েছে। দলীয় প্রধানের এ জনসভা ধানের শীষের ভোটব্যাংককে আরো শক্তিশালী করবে, এমনটি প্রত্যাশা তৃণমূলের নেতাকর্মীদের।

এটিম মাঠে কথা হয় তরুণ ভোটার আসাদুজ্জামান, রিফাত ও সৌরভ এর সঙ্গে। তারা বলেন, আমরা বিএনপির রাজনীতি না করলেও তারেক রহমানের প্রতি ভালো লাগা কাজ করে। সেই আগ্রহ থেকেই এটিম মাঠের আয়োজন দেখতে আসলাম। তিনি নওগাঁর জন্য কী পরিকল্পনা করেছেন সেটি শুনতে অবশ্যই সমাবেশে উপস্থিত হবো।

যুবদল নেতা শামীনুর রহমান বলেন, নওগাঁবাসীর অনেক প্রত্যাশা তারেক রহমানের কাছে। সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আমাদের লিডারের এই সমাবেশ ধানের শীষের ভোট ব্যাংককে আরো শক্তিশালী করবে। ৬টি আসনের প্রার্থীদেরকেই পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, দীর্ঘ ২০ বছর পরে নওগাঁয় আমাদের চেয়ারম্যান আসছেন। তাকে বরণ করে নিতে নওগাঁবাসী অধীর অপেক্ষায় রয়েছে। এই জেলার উন্নয়নের ব্যাপারে তিনি কথা বলবেন। তার যে চিন্তা ও পরিকল্পনা রয়েছে সেগুলো তিনি তুলে ধরবেন। আমরা শতভাগ প্রস্তুত নেতাকে বরণ করে নিতে। তার নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাকে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নওগাঁয় আনা হবে। আশা করছি প্রায় ২ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে। জনসভাকে সফল করতে প্রায় সব প্রস্তুতি শেষের দিকে।

আরও