ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যর্থ হয়ে আবারো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে দুটি আন্তর্জাতিক ফ্লাইট। গতকাল সকালে ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে উড়োজাহাজ দুটি সিলেটে অবতরণ করতে বাধ্য হয়েছে। ১ ঘণ্টা পর যাত্রী নিয়ে ফের ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে ফ্লাইট দুটি।
জানা যায়, গতকাল সকাল ৯টা ৪৪ মিনিটে চীনের গুয়াংজু থেকে আসা ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আর দোহা থেকে আসা ফ্লাইট ৮টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় সকাল ১০টা ৪০ মিনিটে।
এ ব্যাপারে ইউএস বাংলা এয়ারলাইনস সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক বেলায়েত হোসেন লিমন বলেন, ‘ঘন কুয়াশার কারণে চীনের গুয়াংজু ও কাতারের দোহা থেকে ছেড়ে আসা দুটি ফ্লাইট নির্ধারিত গন্তব্য ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। তাই ফ্লাইট দুটি ডাইভার্ট হয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’
ঘন কুয়াশার কারণে কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ডাইভার্ট হয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে।