নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের স্মরণে তল্লা বড় জামে মসজিদসহ নগরীর বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে মোনাজাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। শত শত মুসল্লি এ জামাতগুলোয় অংশ নেন। এছাড়া শক্রবার থেকে গতকাল পর্যন্ত সাতদিন ধরে বিস্ফোরণে বিধ্বস্ত বাইতুস সালাত জামে মসজিদে নামাজ আদায় বন্ধ রয়েছে। গ্যাস লিকেজ হয়ে কোনো জায়গায় গ্যাস নির্গত বা বুদ্বুদ বের হয় কিনা তা দেখার জন্য মসজিদের ভেতরে পানি দিয়ে আটকে রাখা হয়েছে। স্থানীয়রা জানান, দুইদিন ধরে পানি মসজিদের ভেতরে দিয়ে রাখলেও কোনো বুদ্বুদ লক্ষ করা যায়নি।
শুক্রবার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় তল্লা বড় মসজিদে। সেখানে নামাজে ইমামতি এবং দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি ওমর ফারুক। হতাহতদের পাশাপাশি তাদের স্বজনরা যাতে এ শোক কাটিয়ে উঠতে পারেন তার জন্যও মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এর আগে বিস্ফোরণে নিহত অসহায় গরিবদের পরিবারকে সহযোগিতা করার টাকা তোলেন স্থানীয়রা।