নারায়ণগঞ্জে ঝোপের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে কিল্লারপুল ড্রেজার পরিদপ্তর সংলগ্ন একটি ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। তবে এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, কিল্লারপুল ড্রেজার পরিদপ্তর সংলগ্ন ফাঁকা জায়গায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছি।’

আরও