পাহাড়ের ঘটনাকে কেন্দ্র করে একটি মহল পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল, তবে তারা সফল হতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘একজনকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হয়েছিল। কিন্তু প্রমাণিত হয়েছে, তিনি কোনো অপকর্মে জড়িত নন এবং কোনো ধর্ষণের সঙ্গেও তার সম্পৃক্ততা নেই। ওই ঘটনাকে ব্যবহার করে একটি মহল পূজাকে অশান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের চক্রান্ত ভেস্তে গেছে।’
গতকাল সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সার্বজনীন দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘এবারের দুর্গা পূজা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে। এজন্য আমি প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা কমিটি, ভক্ত ও এলাকাবাসীকে ধন্যবাদ জানাই।’
উপদেষ্টা আশা প্রকাশ করেন, এবার দশমীর বিসর্জনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। একইভাবে অন্যান্য ধর্মীয় উৎসব যেমন বৌদ্ধ সম্প্রদায়ের উৎসবগুলোও যেন শান্তিপূর্ণভাবে হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. ইব্রাহীম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন।