নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ

আদালতে বৈদ্যুতিক মিস্ত্রির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সিআইডি পুলিশের হাতে গ্রেফতার স্থানীয় বৈদ্যুতিক মিস্ত্রি মোবারক হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সিআইডি পুলিশের হাতে গ্রেফতার স্থানীয় বৈদ্যুতিক মিস্ত্রি মোবারক হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গতকাল বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে তার এ জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। জেলা আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় গত রোববার সকালে পশ্চিম তল্লায় নিজ এলাকা থেকে মোবারক হোসেনকে গ্রেফতার করে পুলিশের তদন্ত বিভাগ সিআইডি। পরে আদালতে মঞ্জুর হওয়া দুইদিনের রিমান্ড শেষে গতকাল বিকালে পুনরায় তাকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা মোবারক হোসেনের পক্ষে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। পরে জবানবন্দি নেয়ার পর আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের পরিদর্শক বাবুল হোসেন জানান, মসজিদে বিদ্যুতের অবৈধ সংযোগ স্পার্ক করার পর জমাট বেঁধে থাকা গ্যাসের মিশ্রণ থেকে বিস্ফোরণের সূত্রপাত ঘটেছিল। বিদ্যুতের অবৈধ সংযোগ প্রদানের কাজটি করেছিলেন এ মোবারক হোসেন। আদালতে দেয়া জবানবন্দিতে তিনি তার দোষ স্বীকার করেছেন।

এদিকে এ মামলায় তিতাসের চার কর্মকর্তাসহ গ্রেফতারকৃত আটজনের দুইদিনের রিমান্ড শেষে গতকাল সোমবার আদালত তাদের জামিন মঞ্জুর করলে আসামিরা কারামুক্ত হন।

আরও