ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে। আজ বেলা ১১টায় শুরু হওয়া এ বৈঠকে সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।
দিনের কার্যসূচি অনুসারে, সংসদে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তরপর্ব চলছে। এদিন জামালপুরের বিএনপি দলীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর তরফে কক্সবাজারের আলমগীর মুহাম্মদ মাহমুল্লাহ ফরিদ প্রথম প্রশ্ন উত্থাপন করেন।
এ সময়ে জুলাই সনদের ওপর বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দিতে গেলে স্পিকার বলেন, ‘এই মুহূর্তে নয়, প্রশ্নোত্তর পর্বের এক ঘণ্টা শেষে তা উত্থাপনে আপনাকে সময় দেয়া হবে।’
এরপর বিরোধী দলের নেতা বসে যান। এদিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিস নিষ্পত্তির বিষয় রয়েছে।
এছাড়া রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ধন্যবাদ প্রস্তাব এবং এ প্রস্তাবের ওপর আলোচনা হওয়ার কথা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ যাত্রা শুরু করে গত বৃহস্পতিবার। সেদিন রীতি মেনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ওই সময় ওয়াকআউট করেন জামায়াত জোটের সদস্যরা।
কার্য উপদেষ্টা কমিটি সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রপতির দেয়া ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন বসবে। তবে প্রয়োজন হলে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দিয়েছে কার্য উপদেষ্টা কমিটি।