নরসিংদীতে বাস-মাইক্রোবাস-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ১২

মৃত তৃষা আক্তার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার মেয়ে। শিশুটি সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিল।

নরসিংদীর পাঁচদোনা ঘোড়াশাল আঞ্চলিক সড়কের চাকশাল মোড়ে বাস, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তৃষা আক্তার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন।

আজ রোববার (১৫ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাঁচদোনার চাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত তৃষা আক্তার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার মেয়ে। শিশুটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে পাঁচদোনার চাকশাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঘোড়াশালগামী সিএনজিচালিত অটোরিকশা ও একটি মাইক্রোবাসের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়।

সংঘর্ষে অটোরিকশা ও মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী তৃষা ঘটনাস্থলেই মারা যায়। আহত ১২ জন যাত্রীকে উদ্ধার করে নরসিংদী জেলা ও সদর হাসপাতাল ও ঘোড়াশালের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

মাধবদী থানার উপপরিদর্শক জুয়েল রানা জানান, ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু হয়েছে ও আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। ঘটনার তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও