গণমাধ্যমকর্মীরা সঠিক তথ্য দিয়ে নভেল করোনাভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। গতকাল বিকালে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে নগরীর ভূঁইয়াবাগ বিদ্যানিকেতন স্কুলের মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রাপ্ত সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ প্রমুখ।