মুন্সিগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১০

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুচর গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় শহীদ বাউল গ্রুপ এবং খোকন সরকার–সংশ্লিষ্ট পক্ষের (মোক্তার হোসেন ও সুরুজ্জামান সরকার গ্রুপ) মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বালুচর গরুর হাটের ইজারা ও স্থানীয় বাজারের বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের চর জসীমউদ্দিন ও বালুচর ব্রিজসংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুচর গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় শহীদ বাউল গ্রুপ এবং খোকন সরকার–সংশ্লিষ্ট পক্ষের (মোক্তার হোসেন ও সুরুজ্জামান সরকার গ্রুপ) মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া–পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

সংঘর্ষে শাকিল সরকার (২৭), আসফাক সরকার (৪৮) ও হৃদয় সরকার (২৫) টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরো ৭–৯ জন আহত স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও