টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি। এতে নদীতীর ও চরাঞ্চলের বাসিন্দার মধ্যে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। পানি বৃদ্ধির ফলে যমুনার চরাঞ্চল প্লাবিত হচ্ছে। এর মধ্যে বিভিন্ন চরে ফসলি জমিসহ বসতবাড়ি তলিয়ে গেছে। তবে পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গতকাল দুপুরে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১৬ মিটার, যা ২৪ ঘণ্টার ব্যবধানে ৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।
অন্যদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮৪ মিটার, যা ২৪ ঘণ্টার ব্যবধানে ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।
এদিকে নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে জেলার পাঁচ উপজেলার যমুনা অভ্যন্তরের চরাঞ্চলের বসতবাড়ি ও ফসলের মাঠ। কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া মুন্সী জানান, যমুনার পানি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন চরের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। বসতবাড়িতেও পানি উঠতে শুরু করেছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রণজিৎ কুমার সরকার জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
চরাঞ্চলের নিম্নভূমি প্লাবিত হচ্ছে। তবে আপাতত বন্যার আশঙ্কা নেই।