ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের লেমুয়া হাফেজিয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটেছে। একই ঘটনায় গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নিহতরা হচ্ছেন সোনাগাজী উপজেলার বক্তার মুন্সি বাজার সংলগ্ন রাজাপুর গ্রামের মো. নুরুল হুদার ছেলে নুরুল আলম (৪৬) ও তার ছেলে মোহাম্মদ নীরব (২৫)। নুরুল আলম ফেনী ডায়াবেটিক হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। গুরুতর হয়ে চিকিৎসা নিচ্ছেন তার ভাগনে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের সিরাজ মিয়ার ছেলে আফজাল হোসেন (৩৫)।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানিয়েছেন, সোমবার দিবাগত রাতে ফেনীর ডায়াবেটিক হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকের দায়িত্ব পালন করেন নুরুল আলম। সকালে ভাগনে আফজালের মোটরসাইকেলে ছেলে নীরবসহ লেমুয়ায় বোনের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি লেমুয়া হাফেজিয়া এলাকায় পৌঁছলে রাস্তায় ইউটার্ন নেয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দাউদকান্দি এক্সপ্রেস বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই পিষ্ট হন।
তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে নুরুল আলমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নীরব ও আফজালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। চট্টগ্রাম পথে নীরবের মৃত্যু হয়।
এ বিষয়ে মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় প্রথমে একজন ও পরে আরো একজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।