পাবনা-ঈশ্বরদী মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ তিনজন মারা গেছেন। এ ঘটনায় আরো দুজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৫টার দিকে মুলাডুলি ইউনিয়নের ডুলটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকাল ৫টার দিকে ঈশ্বরদী শহর থেকে দাশুড়িয়াগামী একটি সিএনজি চালিত অটোরিকশা ও পাবনা থেকে ঈশ্বরদীগামী ভলকা পরিবহনের যাত্রীবাহী বাসের ঢুলকি নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের শিশুসহ তিনজনের মৃত্যু হয়। থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল এসে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের অবস্থা সংকটাপন্ন বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।