টাঙ্গাইলের মধুপুরে পিকআপ সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালী ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. তারিক কামাল নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহত পুরুষের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায় এবং শিশু ও নারীর বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. তারিক কামাল বলেন, মধুপুরগামী পিকআপ ভ্যানের সঙ্গে জামালপুরগামী সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু ও তার মাসহ তিনজন নিহত হয়। তবে তাদের নাম পাওয়া যায়নি। দূর্ঘটনা কবলিত পরিবহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। এছাড়া নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।