খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে উপস্থিত ছিলেন না দলের চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তার সম্মানে অনুষ্ঠানের মূল মঞ্চে ফাঁকা রাখা হয়েছিল একটি চেয়ার। আজ শনিবার সকালে নগরীর সোনালী ব্যাংক চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিএনপির গণসমাবেশ। অনুষ্ঠান শুরুর পর দেখা যায় মঞ্চের ঠিক মাঝখানে সবুজ তোয়ালে দিয়ে মোড়ানো একটি চেয়ার খালি রয়েছে।
চেয়ারে একটি সাদা আর্টপেপারে খালেদা জিয়ার নাম লেখা ছিল। তার পাশের চেয়ারটি বরাদ্দ ছিল দলের মহাসচিব ও সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য।
চেয়ার ফাঁকা রাখার কারণ জানতে চাইলে খুলনা নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, সরকারের রোষানলে পড়ে আমাদের নেত্রী ঘরবন্দি। তার প্রতি সম্মান জানাতেই সমাবেশে একটি চেয়ার খালি রাখা হয়েছে।
খালেদা জিয়ার মুক্তি, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দলীয় নেতাকর্মীদের হত্যা এবং মিথ্যা মামলার প্রতিবাদে খুলনা বিভাগীয় গণসমাবেশ আয়োজন করে বিএনপি। সমাবেশের আগে খুলনায় বাস, লঞ্চ, ফেরি, নৌকা ও ট্রলার বন্ধ হয়ে যায়। ফলে নানা বিপত্তি এড়িয়ে সমাবেশে যোগ দিতে হয় এ অঞ্চলের বিএনপি নেতাকর্মীদের।
সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত মিডিয়া উপকমিটির আহ্বায়ক এহেতেশামুল হক শাওন জানান, চা, ডাল, তেল, গ্যাস, পানি ও বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, খুন, গুম, দুর্নীতি-দুঃশাসনের প্রতিবাদ এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন, সংসদ বিলুপ্ত ও সরকার পতনের দাবিতে খুলনায় বিএনপির তৃতীয় বৃহত্তর বিভাগীয় সমাবেশ ডাকা হয়েছে।
খুলনা নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বক্তৃতা করেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন এবং গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা।