চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে ফন্টু মণ্ডল নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার গতকাল দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফন্টু মণ্ডল জেলার আলমডাঙ্গা উপজেলার পোলবাগুন্দা গ্রামের মৃত ইসলাম মণ্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৫ মার্চ রাতে ফন্টু মণ্ডল স্ত্রী ডালিয়া বেগমকে পেঁয়াজ ওঠানোর কথা বলে বাড়ি থেকে ডেকে সাবাশ বিলের মাঠে নিয়ে যান। সেখানে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। পরে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার থেকে ফন্টুকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তার দেখিয়ে দেয়া স্থান থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ছেলে জামিরুল ইসলাম ২০২৩ সালের ১৭ মার্চ আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন।