হিলিতে সমাজকল্যাণ মন্ত্রী

মানুষের কথা চিন্তা করেই এবারের বাজেট ঘোষণা করা হয়েছে

মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘সমাজের সব শ্রেণী-পেশার মানুষের প্রয়োজন বিবেচনায় রেখে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।’ 

গতকাল দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা, ত্রাণ ও বিভিন্ন সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সমাজের পিছিয়ে থাকা মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর নাগরিকের কল্যাণ বিবেচনায় নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে। কোনো জনগোষ্ঠীকে অবহেলা না করে সবার জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টিও বাজেটে উল্লেখ রয়েছে। দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে সবার অংশগ্রহণ প্রয়োজন।’

জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সুবিধা-অসুবিধার খোঁজ রাখা। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।’ 

অনুষ্ঠানে তিনি হিলি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন, গুরুত্বপূর্ণ সড়ক পাকা করা এবং রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতির বিষয়েও আশ্বাস দেন।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উফশী জাতের ধানের আবাদ বাড়ানোর লক্ষ্যে তিন হাজার কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার দেয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে এক বান্ডিল করে টিন ও ২ হাজার টাকা নগদ সহায়তা এবং ৩৩৩ জন অসহায় পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে দুগ্ধ উৎপাদনকারী দলের ২৮০ জন সদস্য ও ছাগল পালনকারী ১৪২ জন উপকারভোগীর মধ্যেও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ; উপজেলা কৃষি কর্মকর্তা আরজিনা বেগম; উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনতাসির মামুন; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা; থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন; উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আরও