গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

সকালে কালিয়াকৈর থেকে ৪ জন যাত্রী নিয়ে একটি সিএনজি শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল।

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংখুরী এলাকার হাসেম মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৪৫) ও তার ছেলে আসাদুল ইসলাম (১৮), সিএনজি অটোরিকশার চালক শাকিল এবং বাংলাবাজার এলাকার খোকন শিকদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে কালিয়াকৈর থেকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সড়কটি দুর্ঘটনাপ্রবণ। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। শনিবার মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরও