পটুয়াখালীর মাকসুদুর রহমান তালুকদারকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মেয়রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মরহুমের পরিবার ও এলাকাবাসী। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীসহ শতাধীক লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বড় মেয়ে মিশু ও ছোট মেয়ে লিশাত বলেন, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহাম্মেদ ও তার লোকজন মিলে পরিকল্পিত ভাবে আমাদের বাবাকে হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই। আমরা থানায় অনেক বার হত্যা মামলা করতে গিয়েছি কিন্তু ওসি আমাদের কোন কথায় কর্ণপাত করেন নাই। এছাড়া মেয়র এবং তার লোকজন আমাদের বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখাচ্ছে।
পরিবারের অন্যান্য লোকজন এবং এলাকাবাসী প্রধানমন্ত্রী ও আইনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই পরিকল্পিত হত্যার বিচারের দাবি জানান।
প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দিকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান পটুয়াখালীতে নদী ও খাল দখল মুক্ত করার লক্ষ্যে শ্মশান ঘাট এলাকা পরিদর্শন করতে আসেন। এসময় মাকসুদুর রহমান তালুকদার ও তার ভাইয়ের ছেলে মোঃ নাসির উদ্দিন তালুকদার উক্ত স্থানের জমির মালিক হিসেবে কথা বললে পৌর মেয়র মহিউদ্দিন তাদের উপর চড়াও হয় এবং গালি দেয়। এর কিছুক্ষণ পর মাকসুদুর রহমান তালুকদারের মৃতদেহ পাওয়া যায়।