‘এ ধরনের অরাজকতা নতুন নয়, বহুদিনের’, মিরপুরে সমাজকল্যাণ উপদেষ্টা

‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয় থাকবে—সে নিশ্চয়তা আমি দিচ্ছি।‘

‘আগেও পুরান ঢাকায় এমন ঘটনা ঘটেছিল। সেখান থেকে সরিয়ে দেয়ার পর অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে এসব বিপজ্জনক গুদাম স্থাপন করেছেন। এখনই শক্ত নীতি গ্রহণ করতে হবে, যাতে জনবহুল এলাকায় আর কোনোভাবে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ না করা হয়।'

মিরপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি বলেন, ‘এসব জায়গায় এ ধরনের রাসায়নিক অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছে। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আমাদের দেশে এ ধরনের অরাজকতা নতুন নয়—এটা বহুদিনের, বহুযুগের অরাজকতা। ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না, যা মানুষের জীবনের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে।‘

তিনি আরো বলেন, ‘আগেও পুরান ঢাকায় এমন ঘটনা ঘটেছিল। সেখান থেকে সরিয়ে দেয়ার পর অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে এসব বিপজ্জনক গুদাম স্থাপন করেছেন। এখনই শক্ত নীতি গ্রহণ করতে হবে, যাতে জনবহুল এলাকায় আর কোনোভাবে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ না করা হয়। প্রয়োজনে নীতি পরিবর্তন করতে হবে।‘

শারমিন এস মুরশিদ ফায়ার সার্ভিস সদস্যদের বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে বলেন, ‘তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাই সাংবাদিকসহ সাধারণ মানুষকে অনুরোধ করব—অতি উৎসাহী হয়ে কেউ যেন ভেতরে প্রবেশ না করেন।‘

তিনি আরো জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকা মেডিকেলে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। সেখানে হতাহতদের বিষয়ে সহায়তা দেয়া হচ্ছে। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয় থাকবে—সে নিশ্চয়তা আমি দিচ্ছি।‘

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকাল ৩টার পর ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) ঘটনাস্থলে এসে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। এখন পর্যন্ত নিখোঁজদের বিষয়ে অনুসন্ধান শুরু হয়নি। পুরো আগুন নিয়ন্ত্রণে আসার পর সেই কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে।

আরও