সাগরে লঘুচাপের আভাস রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

লঘুচাপটি ঘনীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

আশ্বিনের শুরুতেই উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি ঘনীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এছাড়া আগামী পাঁচদিনে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। গতকাল আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘আগামী দুইদিনের মধ্যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। এরপর সেটি ধাপে ধাপে ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। এমনকি ঘূর্ণিঝড়েও পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তবে সম্ভাব্য লঘুচাপটির গতিপথ ওড়িশার দিকে থাকার সম্ভাবনাই বেশি বলে জানান তিনি। এর প্রভাবে ২৩ সেপ্টেম্বরের পর বাংলাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে।

দেশের বিভিন্ন এলাকায় গত দুইদিন কুয়াশা দেখা দেয়ার বিষয়ে ওমর ফারুক বলেন, ‘কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির একটি পর্ব শেষ হওয়ার পর এ ধরনের সাময়িক কুয়াশা দেখা দিতে পারে। আগামী এক-দুদিনের মধ্যে এ কুয়াশা কেটে যেতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের গতকাল সকাল ৯টার বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আরও