ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার পরিষদের পুকুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ চলাকালে আয়মান হঠাৎ ডুবে যায়। দীর্ঘ প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁওয়ে উপজেলা প্রশাসনের আয়োজিত সাঁতার প্রশিক্ষণ চলাকালে পানিতে ডুবে আয়মান হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদের পুকুরে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আয়মান সদর উপজেলার নারগুন গ্রামের আরিফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার পরিষদের পুকুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ চলাকালে আয়মান হঠাৎ ডুবে যায়। দীর্ঘ প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর অভিভাবক মাশহুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ছেলেকে সাঁতার শেখানোর জন্য পাঠানো হয়েছিল, মরদেহ ফেরত পাওয়ার জন্য নয়। নিরাপত্তার ঘাটতির কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। এর দায় প্রশাসনকেই নিতে হবে।

বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন মৃত্যু কারো কাম্য নয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান জানান, সাঁতার প্রশিক্ষণ চলাকালে শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও