সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শিব শংকর রায়। এ ছাড়া ওই ঘটনায় আহত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষক প্রফেসর আসাদুজ্জামান বাদশা।
আজ শুক্রবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে রাজশাহী মহানগরীর পবা থানাধীন নওহাটা জুট মিলের সামনে এক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল সাতটার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের পাশে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় অজ্ঞাত একটি বাহন। সেটি দেখা যায়নি। পরে মোটরসাইকেল আরোহীদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠান স্থানীয়রা।
রাজশাহী মেডিকেলে নেয়ার পর জানা যায়, মোটরসাইকেলে থাকা দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় (৫৮) ও দর্শন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান। তাদের মধ্যে শিব শংকর রায় হাসপাতালে আনার আগেই মারা যান। আর আসাদুজ্জামানকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। তার জ্ঞান এখনো ফেরেনি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. গিয়াস উদ্দীন জানিয়েছেন, ‘শিব শংকর রায় ও আসাদুজ্জামানের মাছ ধরার শখ। আজ ভোরে ভ্যাসপা মোটরবাইকে নওহাটার দিকে টিকিটে ছিপ দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন তারা। সকাল ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে মোটরবাইকের পেছনে থাকা শিব শংকর রায় মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে আমাদের ধারণা।
এদিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে শোক প্রেকাশ করেছেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান। পোস্টে তিনি লিখেছেন, ‘অসীমে ভালো থাকবেন স্যার।’