ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিয়ে রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েলি সৈন্যরা। আন্তর্জাতিক জলসীমায় তাদের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়।
বাংলাদেশ সরকার বলেছে, মানবিক সহায়তা বহনকারী এ নৌবহরকে ইসরায়েলি দখলদার বাহিনীর আটক আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের এক ন্যক্কারজনক দৃষ্টান্ত।
বিজ্ঞপ্তিতে অবিলম্বে আটক মানবিক সহায়তাকারী ও কর্মীদের নিঃশর্ত মুক্তি, তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীরের অবৈধ দখলদারত্বের অবসান, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং গাজার ওপর গণহত্যামূলক যুদ্ধ ও মানবিক অবরোধ বন্ধ করার আহ্বান জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলা ফিলিস্তিনি জনগণের সঙ্গে বৈশ্বিক সংহতির প্রতীক। অথচ ইসরায়েল এখনো গাজার বেসামরিক জনগণকে জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।
বাংলাদেশের সরকার ও জনগণ এ চরম দুঃসময়ে এবং চলমান দুঃখ-দুর্দশায় ফিলিস্তিনের জনগণের পাশে অটল সংহতি নিয়ে দাঁড়িয়ে আছে।