চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাহ এলাকার টেরিবাজারে একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ‘কেবি অর্কিড প্লাজা’ নামে ওই মার্কেটে লাগা আগুনে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই জন মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
নিহত দুজন হলেন মোহাম্মদ ইউনুস (৫২) ও মো. সোলাইমান (২৮)। তাদের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়। মোহাম্মদ মামুন নামের আরেকজনের নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ায় তাকে ৩৬ নাম্বার ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কেবি অর্কিড প্লাজার চতুর্থ তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই মার্কেটের ভেতরে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ ও আগুন নির্বাপণ শুরু করে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ইউনুস, সোলাইমান ও আরও একজন গুরুতর দগ্ধ হন।
পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক অতীশ চাকমা বণিক বার্তাকে বলেন, সকালে লাগা আগুনে টেরিবাজারের অর্কিড প্লাজার চতুর্থ তলার টেইলারিং শপ, কাপড়ের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে। আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির পঞ্চম তলা থেকে দুইজন এবং ষষ্ঠতলা থেকে একজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল। তার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি।