জাবিতে ২৪০টি সিসিটিভি ক্যামেরা থাকলেও ফুটেজ পর্যালোচনায় নেই নিজস্ব অপারেটর

জানা গেছে, প্রশাসনিক ভবন, শহীদ মিনার, বিভিন্ন অনুষদ ও প্রবেশপথসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে ধাপে ধাপে এসব সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। তবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও ফুটেজ পর্যালোচনার জন্য স্থায়ী কোনো কর্মী বা মনিটরিং সেল নেই। কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে প্রযুক্তি প্রতিষ্ঠানের সহায়তায় ফুটেজ সংগ্রহ করা হয়। এতে জরুরি সময়ে সন্দেহভাজনদের শনাক্ত করতে অতিরিক্ত সময় লাগছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে প্রায় ২৪০টি ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন করা হলেও এগুলো পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো অপারেটর নেই। ফলে চুরি, ছিনতাই, হামলাসহ বিভিন্ন অপরাধের ঘটনায় দ্রুত ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করতে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।

জানা গেছে, প্রশাসনিক ভবন, শহীদ মিনার, বিভিন্ন অনুষদ ও প্রবেশপথসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে ধাপে ধাপে এসব সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। তবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও ফুটেজ পর্যালোচনার জন্য স্থায়ী কোনো কর্মী বা মনিটরিং সেল নেই। কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে প্রযুক্তি প্রতিষ্ঠানের সহায়তায় ফুটেজ সংগ্রহ করা হয়। এতে জরুরি সময়ে সন্দেহভাজনদের শনাক্ত করতে অতিরিক্ত সময় লাগছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।

ইংরেজি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী সজীব জানান, নতুন কলা ভবনের সামনে থেকে কিছু সরঞ্জাম হারিয়ে যাওয়ার পর তিনি প্রক্টর কার্যালয়ে অভিযোগ করেন। তবে নিজস্ব অপারেটর না থাকায় তাৎক্ষণিকভাবে ফুটেজ দেখানো সম্ভব হয়নি। বাইরে থেকে অপারেটর আসার পর ফুটেজ দেখার কথা জানানো হয়।

গণিত বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির আহমেদ শোভন জানান, সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে সাভার থেকে অপারেটর আসার জন্য তাকে অপেক্ষা করতে হয়। এতে তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা যায় না। তিনি ২৪ ঘণ্টা তদারকির ব্যবস্থা করার দাবি জানান।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, সিসিটিভির সঠিক ব্যবহারের জন্য ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে অপারেটর থাকা জরুরি। একাধিক স্থায়ী অপারেটর নিয়োগের জন্য প্রক্টর ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. জাকির হোসেন জানান, পুরো বিশ্ববিদ্যালয়কে সিসিটিভির আওতায় আনা হলেও নিজস্ব অপারেটর না থাকা একটি বড় সীমাবদ্ধতা। দক্ষ ক্যামেরা অপারেটর নিয়োগের জন্য প্রশাসনকে অবহিত করা হয়েছে।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম জানান, নিজস্ব সিসিটিভি অপারেটরসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে। দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষার্থীরা দ্রুত প্রশিক্ষিত অপারেটর নিয়োগের পাশাপাশি ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্যাম্পাসের বাকি গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভির আওতায় আনার তাগিদ দিয়েছেন তারা।

আরও