সুদের হার এক অঙ্কে নামানো ও ইডিএফ ফান্ড বাড়ানোর আহ্বান এফবিসিসিআইয়ের

দেশের ব্যবসা-বাণিজ্যের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাংক ঋণের সুদের হার ধীরে ধীরে এক অঙ্কে নামিয়ে আনা ও রপ্তানি উন্নয়নে ইডিএফ ফান্ডের পরিসর বাড়ানোর আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

সোমবার (৬ এপ্রিল) সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যালয়ে গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এ আহ্বান জানানো হয়।

এফবিসিসিআই প্রশাসক মো. আবদুর রহিম খানের নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদল গভর্নরকে অভিনন্দন জানিয়ে বলেন, এমন এক সময়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, যখন দেশীয় ও বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মুখে অর্থনীতি।

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বিনিময় হার স্থিতিশীল রাখা ও বিনিয়োগ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের।

ব্যবসায়ীরা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে দেশীয় পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সুদের হার স্থিতিশীল রাখা জরুরি। একই সঙ্গে তা ক্রমান্বয়ে কমিয়ে এক অঙ্কে নামিয়ে আনার দাবি জানান তারা।তাদের মতে, শুধু সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়; আর্থিক, রাজস্ব ও বাজার ব্যবস্থাপনার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

রফতানি খাতকে আরো শক্তিশালী করতে ইডিএফ ফান্ডের পরিসর বাড়ানো ও তা সব রফতানি খাতের জন্য উন্মুক্ত রাখার প্রস্তাব দেন ব্যবসায়ীরা। এছাড়া বৈদেশিক মুদ্রার সরবরাহ স্বাভাবিক রাখা, ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখা, ক্ষতিগ্রস্ত শিল্প ও বাণিজ্য খাতে নীতিগত সহায়তা ও বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর আহ্বান জানান তারা। সেইসঙ্গে অনাদায়ী ঋণ কমানো, বিদেশগামী কর্মীদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং গ্রাহক ঋণসীমা বাড়ানোর প্রস্তাব দেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের ব্যাংকিং সমস্যার দ্রুত সমাধানে বিশেষ কমিটি গঠনের আহ্বান জানান সংগঠনটির মহাসচিব মো. আলমগীর।

কোভিড-পরবর্তী পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য সংকটসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন খাতে প্রণোদনা ও নীতিগত সহায়তা দেওয়ায় কেন্দ্রীয় ব্যাংককে ধন্যবাদ জানান ব্যবসায়ীরা।

মতবিনিময় সভায় ব্যবসায়ী প্রতিনিধিদলে ছিলেন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি এস এম ফজলুল হক, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশের সহ-সভাপতি শফিকুল ইসলাম সরকার, বিজিএমইএয়ের পরিচালক মজুমদার আরিফুর রহমান, এফবিসিসিআিইয়ের সাবেক পরিচালক গিয়াসউদ্দিন চৌধুরী (খোকন), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মাদ হাতেমসহ ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা। তারা নিজ নিজ খাতের সমস্যাগুলো তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা কামনা করেন।

আরও