খুলনার ডাকবাংলো মোড়ে বাটা শো-রুমে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে শ্রমিক দল নেতা মিনা মাসুম বিল্লাহকে (৪৫) হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর গুলিবর্ষণকারী সন্দেহে বিদেশী পিস্তলসহ অশোক ঘোষ নামের একজনকে আটক করে পুলিশ।
গতকাল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খুলনা সদর থানার ওসি মো. কবির হোসেন।
নিহত মিনা মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে ও নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিনা মোস্তফা কামালের ভাই। তিনি রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং রূপসা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।
এ নিয়ে গত এক সপ্তাহে খুলনায় সন্ত্রাসী হামলায় পাঁচ জন নিহত হলেন।
পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করতে ডাকবাংলা মোড়ে যান মাসুম বিল্লাহ। এ সময় ছয়-সাত জন ব্যক্তি তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে মৃত্যু নিশ্চিত করতে গুলি করে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। ওই সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় অশোক ঘোষকে আটক করে।
গুলিবিদ্ধ অবস্থায় মাসুমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে তাকে হত্যা করে।’
তিনি আরো বলেন, ‘মাসুম বিল্লাহকে হত্যার জন্য একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের ছয়-সাতজনকে ভাড়া করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর এক সদস্যকে পিস্তলসহ আটক করে। ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’