সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিশ্চিত করতে কাজ চলছে: উপদেষ্টা বিধান রঞ্জন

উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি শিক্ষক। তাই শিক্ষকদের অবস্থার উন্নয়নে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। তিনি জানিয়েছেন, এরই মধ্যে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা দেয়া হয়েছে।

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেয়ার বিষয়ে সর্বাত্মক উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, এ গ্রেড নিশ্চিত করতে মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে কাজ করছে এবং এতে সফল হওয়ার আশা রয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে একটি সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। সেমিনারটি ছিল পিইডিপি-৪ এবং চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সমাপ্তির কৌশল নির্ধারণ বিষয়ক।

উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি শিক্ষক। তাই শিক্ষকদের অবস্থার উন্নয়নে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। তিনি জানিয়েছেন, এরই মধ্যে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা দেয়া হয়েছে।

নতুন বই বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, জানুয়ারির শুরুতেই সব শিক্ষার্থী নতুন বই পাবে। জেলা পর্যায়ে বই পৌঁছে যাওয়ায় সময়মতো বিতরণে কোনো সমস্যা হবে না।

আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত বিদ্যালয়গুলোর বিষয়ে তিনি জানান, এসব বিদ্যালয় মেরামতের নির্দেশ দেয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় উদ্যোগও নেয়া হয়েছে।

সেমিনারে জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে উপদেষ্টা জেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অংশীজনদের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন। এতে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

আরও