ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
মির্জা ফখরুল আজ সকাল সাড়ে সাতটার পর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছান। সেখানে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভোটকক্ষে প্রবেশ করেন তিনি এবং ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।
ভোট প্রদান শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগের পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তা সকলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। এ নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় তৈরি করবে।’
মির্জা ফখরুলের নিজ এলাকা তাঁতিপাড়াসহ ওই কেন্দ্রের আওতাভুক্ত হয়েছে শহরের তিনটি মহল্লা। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন।