ভর্তি পরীক্ষায় প্রক্সির অভিযোগ

রাবির তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষায় অন্যকে দিয়ে পরীক্ষা দেয়ার (প্রক্সি) অভিযোগে তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষায় অন্যকে দিয়ে পরীক্ষা দেয়ার (প্রক্সি) অভিযোগে তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। গত বছরের ৯ সেপ্টেম্বর প্রক্সিকাণ্ড নিয়ে গণমাধ্যমে নিউজ প্রকাশের পর বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে। ১৫ সেপ্টেম্বর ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগের সত্যতা পেয়ে মঙ্গলবার তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

ছাত্রত্ব বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান সনি, আইন বিভাগের ফাহিম আল মামুন বর্ণ, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. শোভন। অভিযোগ রয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে চারজনকে ভর্তি করিয়েছেন একই ব্যক্তি। ওই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে মেহেদী হাসান সনি, ফাহিম আল মামুন ও শোভন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য ও আরবি বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন বণিক বার্তাকে বলেন, ‘প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়ার অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় গতকালের সিন্ডিকেটে তিনজন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।’

আরও