ইউপি মেম্বার থেকে সংসদে নুরুল আমিন

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন নুরুল আমিন।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন নুরুল আমিন। তবে তার শুরুটা হয়েছিল মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়ন পরিষদের সদস্য দিয়ে। এরপর নির্বাচিত হন একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সর্বশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ছাইফুর রহমানকে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে ওসমানপুর ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হন নুরুল আমিন। ২০০৩ সালে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন ২০১১ সাল পর্যন্ত। ২০১৪ সালে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন নুরুল আমিন চেয়ারম্যান। কিন্তু ভোটারবিহীন ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কাছে হেরে যান।

বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি বলেন, ‘নুরুল আমিন চেয়ারম্যান তৃণমূল থেকে উঠে আসা এক নেতা। একটি ইউনিয়নের মেম্বার থেকে আজ তিনি এমপি। এটি বাংলাদেশের রাজনীতিতে বিরল। আওয়ামী লীগ সরকারের সময় অসংখ্য হামলা-মামলার শিকার হয়েও তিনি দলীয় নেতাকর্মীদের নিজ সন্তানের মতো বুকে আগলে রেখেছেন।’

নির্বাচনে জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নুরুল আমিন বলেন, ‘এই জয় আমার একার নয়, মিরসরাইয়ের সব পর্যায়ের মানুষের।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘পরাজিতরা যদি আপনাদের কাছে নিরাপদ থাকে, তাহলে এ বিজয় সার্থক হবে।’ তার ওপর আস্থা রাখার জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন নবনির্বাচিত এ জনপ্রতিনিধি।

আরও