প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানকে বাংলাদেশের মোংলা বন্দর ব্যবহারের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বুধবার (৬ নভেম্বর) সকালে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, মোংলা দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর এবং ভৌগোলিকভাবেও গুরুত্বপূর্ণ। রাজধানী ঢাকা থেকে এর সড়ক দূরত্ব মাত্র ২১০ কিলোমিটার। এছাড়াও বন্দরটির সঙ্গে সড়ক, রেল ও নৌপথের ভালো সংযোগ রয়েছে। এই বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে এবং বন্দরের সক্ষমতা কয়েকগুণ বাড়ানো হবে। এতে মোংলা বন্দরের ব্যবহারকারীর সংখ্যা যেমন বাড়বে, তেমনি চট্টগ্রাম বন্দরের ওপর চাপও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ড. এম সাখাওয়াত হোসেন আরো বলেন, দেশের অর্থনীতিতে মোংলা বন্দর গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এর প্রচারণা অনেকটাই কম। সাধারণ মানুষের মধ্যে শুধু চট্টগ্রাম বন্দরের ধারণা বিদ্যমান, যা থেকে বেরিয়ে আসতে হবে। এ লক্ষ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশী অ্যাম্বাসি ও সমুদ্রগামী জাহাজ ও প্রতিষ্ঠানকে মোংলা বন্দরের প্রচার-প্রচারণা চালাতে বলা হয়েছে।
এর আগে সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা। তিনি পশুর চ্যানেলের বিভিন্ন এলাকা, ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ভিটিএমআইএস), বজ্র ব্যবস্থাপনা এলাকা, ওয়েস্ট ম্যানেজমেন্ট এরিয়া ও বন্দর জেটি এলাকা পরিদর্শন করেন এবং বন্দরের উন্নয়নে চলমান প্রকল্পসহ নতুন বিভিন্ন প্রকল্প গ্রহণের আশ্বাস দেন।