বৃহস্পতিবার বিকাল পাঁচটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছিল। তার ৪০ ঘণ্টা পর আজ শেষ হলো ভোট গণনা। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ২১ কেন্দ্রের ভোট গণনা শেষ হয় বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশন।
দুপুরে ভোট গণনা শেষ হলেও সন্ধ্যা ৭টার মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামীকাল রোববার বন্ধ থাকবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, ভোট গণনা শেষ হলেও আরো কয়েক ঘণ্টা সময় লাগবে সকল প্রক্রিয়া শেষ করতে। কিছু ভোট রি-চেকিং করা হতে পারে। নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রোববার সব ধরনের অ্যাকাডেমিক-প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান।