রুমিন ফারহানার নামে সম্পদ ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাট, নগদ ৩২ লাখ ১৪ হাজার টাকা

ঢাকার লালমাটিয়ায় অবস্থিত ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাট তিনি বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, যার জন্য কোনো মূল্য পরিশোধ করা হয়নি। এ ছাড়া পুরানা পল্টনে ১ হাজার ২৫৮ দশমিক ৮৮৪ বর্গফুটের একটি স্পেস রয়েছে, যার মূল্য উল্লেখ করা হয়েছে ৬৫ লাখ টাকা।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুমিন ফারহানা। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় উল্লেখ করা তথ্যানুযায়ী রুমিন ফারহানার নামে রাজধানীর ধানমন্ডিতে ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া তার হাতে রয়েছে নগদ ৩২ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২৯ ডিসেম্বর সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু বকর সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন রুমিন ফারহানা। এর আগে ২৪ ডিসেম্বর তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক যুবদল নেতা মো. আলী হোসেন।

দাখিল করা হলফনামায় দেখা যায়, ধানমন্ডির ল্যাবরেটরি রোডের ফ্ল্যাটটি মায়ের কাছ থেকে হেবা সূত্রে পাওয়া, যার মূল্য অজানা। তবে ঢাকার লালমাটিয়ায় অবস্থিত ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাট তিনি বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, যার জন্য কোনো মূল্য পরিশোধ করা হয়নি। এ ছাড়া পুরানা পল্টনে ১ হাজার ২৫৮ দশমিক ৮৮৪ বর্গফুটের একটি স্পেস রয়েছে, যার মূল্য উল্লেখ করা হয়েছে ৬৫ লাখ টাকা।

হলফনামায় তিনি পেশা হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট উল্লেখ করেছেন। তার নামে কোনো ব্যাংক জমা, বিদেশী মুদ্রা, শেয়ার, বন্ড বা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ নেই। নিজের নামে কোনো যানবাহনও নেই। তবে তার কাছে ১০ ভরি স্বর্ণালংকার রয়েছে। তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি বলেও উল্লেখ করেছেন।

অপরদিকে রুমিন ফারহানা তার নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির উৎস হিসেবে নিজের আইন পেশা হতে আয় হওয়া ২০ লাখ টাকা খরচ করবেন বলে উল্লেখ করেছেন। প্রবাসী খালাতো ভাই গালিব মেহেদী তার নির্বাচনের জন্য স্বেচ্ছায় ৫ লাখ টাকা দান করবেন বলেও তিনি উল্লেখ করেন।

হলফনামা অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৯৭ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা। রুমিন ফারহানার বিরুদ্ধে ২০১৮ সালের ৩টি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইনে ও ২০২৩ সালে ১টি ফৌজদারী মামলা ছিল। ২০২৫ সালে এ ৪টি মামলাই নিষ্পত্তি হয়েছে।

এছাড়াও তিনি হলফনামায় ২০১৯ সালে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে ভোটারদের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করার বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে ৭০ শতাংশ রাস্তাঘাট উন্নয়ন, ৬৫ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, ৮০ শতাংশ মাদক নিয়ন্ত্রণ ও ৫০ শতাংশ বেকারত্ব দূরীকরণ অর্জনের কথা উল্লেখ করেছেন।

আরও