দুর্গাপূজাকে ঘিরে সাইবার গুজব রোধে সর্বোচ্চ সতর্কতায় যশোর পুলিশ

আসন্ন শারদীয় দুর্গোৎসব কেন্দ্র করে যশোরের পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার (এসপি) রওনক জাহান। তিনি বলেন, পূজা কেন্দ্র করে কেউ গুজব বা অপপ্রচার ছড়ালে, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দিলে কিংবা পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি।

রওনক জাহান জানান, জেলার ৭০৬টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে চারটি সেক্টরে স্ট্রাইকিং টিম করা হয়েছে। প্রতিটি থানায় বিশেষ টিম, পাশাপাশি ৪০টি মোবাইল টিম ও ১৭২টি মোটরসাইকেল টিম মাঠে থাকবে। পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করবে।

তিনি আরো বলেন, ছোটোখাটো ঘটনাও অনেক সময় ধর্মীয় ইস্যু হিসেবে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই গুজবে পরিণত হয়। এ ধরনের অপপ্রচার ঠেকাতে জেলা পুলিশের সাইবার ক্রাইম টিম ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে।

তিনি বলেন, অপরাধীর ধর্ম বা বর্ণ বিবেচনা না করে আইনি ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে তিনি সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।

সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। এ সময় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবিব, ডিবি ওসি মঞ্জুরুল হক ভুঞা, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান প্রমুখ।

আরও