বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা জনসংহতি সমিতির (জেএসএস) মূল দলের এক নেতৃত্বস্থানীয় সদস্যের উপর অতর্কিত গুলি চালিয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দুর্গম নোয়াপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
হামলার শিকার জেএসএস সদস্যের নাম উনুমং মারমা (৪৬)।
পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানায়, উনুমং মারমা দুর্গম ক্যকেখাওয়াপাড়ায় তার শ্বশুর বাড়িতে ছিলেন। আনুমানিক বেলা ১১টার দিকে বাড়ির কাছে নোয়াপাড়ার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন তিনি। এসময় উপস্থিত সবার সামনেই তাকে লক্ষ্য করে গুলি করে একটি সশস্ত্র দল। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন উনুমং মারমা। গুলিবিদ্ধ অবস্থাতেই তাকে তুলে নিয়ে পাহাড়ের ভেতরে চলে যায় অস্ত্রধারীরা।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বণিক বার্তাকে জানান, উনুমং মারমা জেএসএস মূল দলের একজন নেতা। ২০ থেকে ২৫ জনের একটি দল এসে তাকে আক্রমণ ও গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় ওই দলটি তাকে তুলে নিয়ে গেছে। এ ঘটনায় মগ লিবারেশন পার্টি (এমএলপি) জড়িত বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, অস্ত্রধারীরা মারমা ভাষায় কথা বলছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।