দেশে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ঘটা এসব দুর্ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। তাদের অনেকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মধ্যে ময়মনসিংহ ও কুড়িগ্রামে দুজন করে রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে একটি বাস ওভারটেক করার সময় তিনটি যানবাহনকে পেছন থেকে ধাক্কা দেয়। গাজীপুরের কাপাসিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। কাপাসিয়ার বীরউজলী বাজার এলাকায় এরো দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হন। এদিকে চুয়াডাঙ্গার হাতিকাটা গ্রামে সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের নিচে চাপা পড়ে ছকিনা খাতুন (৫৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। এছাড়া কুড়িগ্রাম ধরলা সেতুর ওপর বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কুড়িগ্রাম শহর থেকে বাড়ি ফেরার পথে ঢাকাগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। নিহতরা হলেন খালিদ (২১) ও ফারুক (২৫)। রংপুর নেয়ার পথে তাদের মৃত্যু হয়।