রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের একটি কক্ষে তল্লাশি চালিয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হল সংসদের এজিএসসহ তিন শিক্ষার্থীর আবাসিকতা সাময়িকভাবে বাতিল করেছে হল প্রশাসন। একই ঘটনায় হল সংসদের ভিপিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
আজ রোববার (১২ এপ্রিল) ভোরে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— হল সংসদের এজিএস মো. ইসরাফীল, সাংস্কৃতিক সম্পাদক মো. সাকিব জুবায়ের এবং আবাসিক শিক্ষার্থী মো. ফোরকান হাফিজ জীম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ভোরের দিকে হলের ১২১ নম্বর কক্ষে নারী প্রবেশের অভিযোগটি প্রাথমিকভাবে অসত্য ও ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় তিন শিক্ষার্থীর আবাসিকতা সাময়িকভাবে বাতিল করা হয়েছে। পাশাপাশি হল ভিপি মো. মোজাম্মেল হককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এছাড়া বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হলের প্রাধ্যক্ষ ড. মাহবুবার রহমান বলেন, হল প্রাধ্যক্ষ ছাড়া আবাসিক হলের কোনো কক্ষে তল্লাশি চালানোর অধিকার কারোর নেই। অভিযুক্ত শিক্ষার্থীরা হল ছাত্র সংসদের নেতা হলেও তারা হলের প্রচলিত শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে তিনজনের সিট বাতিল আর হল ভিপি মো. মোজাম্মেল হককে শোকজ করা হয়েছে। এছাড়া তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে, এজিএস মো. ইসরাফীল জানান, একটি সূত্র থেকে হলে মেয়ে আনার তথ্য পাওয়া গেলে তিনি ভিপি ও জিএসের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই করতে যান। সেখানে কিছু না পেয়ে পরে তারা চলে আসেন।
হল সংসদের ভিপি মো. মোজাম্মেল হক বলেন, ফজরের আগে এমন তথ্য পেয়ে তিনি জিএস ও এজিএসকে জানান। বিষয়টি নীরবে সমাধান করার কথা বলা হয়েছিল এবং গভীর রাত হওয়ায় হল প্রশাসনকে জানানো হয়নি।