মাগুরার মোহাম্মদপুর ও শ্রীপুর উপজেলায় বৃহস্পতিবার (১ মে) পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু আবিদসহ তিনজনের মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বেথুড়ি গ্রামে নিজ বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় মারাত্মক আহত হয় আবিদ (১১) নামে ওই শিশু। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও ওই গ্রামের ওবায়দুর শেখের পুত্র। দ্রুত তাকে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করলে সেখানে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার গয়েশপুর গ্রামে চালবোঝাই নছিমন তাকে চাপায় মারা যান মোটরসাইকেলচালক তছলিম মোল্লা (৫৫)। বাড়ি থেকে মোটরসাইকেলে গয়েশপুর স্ট্যান্ডে যাচ্ছিলেন তিনি। পথে লাঙ্গলবাঁধ-শ্রীপুর সড়কের গয়েশপুর স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় নসিমনচালক মনিরুল ইসলাম (৪৫) রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।