প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত স্টেকহোল্ডারদের সংলাপে বক্তব্য রাখবেন। আজ (২৫ আগস্ট) সকাল ১১টা থেকে বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং শরণার্থী ক্যাম্পে উদ্ভূত মানবিক সংকট মোকাবেলায় টেকসই সমাধানের পথ খুঁজতে চায় আন্তর্জাতিক সহযোগীরা। সে লক্ষ্যে ৪০টি দেশের প্রতিনিধির অংশগ্রহণে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে কক্সবাজারে। জেলা শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে উখিয়া উপজেলার ইনানীতে হোটেল বে-ওয়াচের সম্মেলন কক্ষে গতকাল বিকাল ৪টায় সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যুবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে থাকছে পাঁচটি অধিবেশন। আজ সকালে সম্মেলনের মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সংক্ষিপ্ত এক সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সফর ও সম্মেলন ঘিরে কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।