জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঘাস কাটার মেশিন ভেঙ্গে ব্লেড ছিটকে এসে মাথায় ঢুকে সুমন মিয়া (২৬) নামের এক যুবক আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে চার টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পরেই তাকে প্রথমে এনাম মেডিকের কলেজে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন সেখানকার চিকিৎসকর।
আহত সুমন মিয়া সাতক্ষীরা জেলার বাসিন্দা। জাবি স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী নাইট ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে দেয়া স্টলে কাঁকড়া ফ্রাই বিক্রি করতেন তিনি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট একাধিক পক্ষের তথ্যমতে, শনিবার বিকালে খেলার মাঠ প্রস্তুতের সময় ইট লেগে ঘাস কাটা মেশিনের ব্লেড ভেঙ্গে যায়। সেটি দ্রুত ছিটকে গিয়ে পাশের স্টলে থাকা সুমন মিয়ার মাথায় ঢুকে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক নাসরিন বেগম বলেন, ‘আজ ছুটির দিন থাকায় আমি অফিসে উপস্থিত ছিলাম না। তবে দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত আহত ব্যক্তিকে এনাম মেডিকেল কলেজে নিয়ে যাই, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। রাত ১ টার দিকে তার অপারেশন হয়েছে।
মাঠে স্টল দেয়ার অনুমতি ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঠে খেলা বা স্টল দেয়ার ব্যাপারে আমাদের মতামত নেয়া হয় নি। অনুমতির কোনো আবেদন পাননি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আজিজুর রহমানও। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম রাশিদুল আলম জানান, খেলার ব্যাপারে উপাচার্যের অনুমতি রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহত সুমনের মাথায় অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে। তবে আশঙ্কামুক্ত নন। ৭২ ঘন্টা অবজার্ভেশনে থাকবেন তিনি।