জুলাই গণঅভ্যুত্থানে দেশের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বগুড়া থেকে সরাসরি আবু সাঈদের বাড়িতে আসেন তিনি।
বিএনপির দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় আজ রংপুরে পৌঁছেছেন তারেক রহমান। এর অংশ হিসেবে তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন।
কবর জিয়ারতের পর আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, ভাই আবু হোসেনসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেকসহ রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানানো আজ দেশের সব মানুষের দায়িত্ব ও কর্তব্যই শুধু নয়। আবু সাঈদ শিখিয়েছেন— কীভাবে স্বৈরাচারের বিরুদ্ধে বুক উঁচিয়ে দাঁড়াতে হয়। কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির মুখে দাঁড়িয়ে প্রতিরোধ গড়তে হয়, সেই শিক্ষাও আবু সাঈদ শিখিয়ে গেছেন।
তিনি বলেন, কেবল আবু সাঈদকে মৃত্যু দিবসে স্মরণ এবং তার কবর জিয়ারতের মধ্যে থাকলেই চলবে না। তার আত্মাত্যাগের শিক্ষাটাকে বাস্তবে রূপান্তর করার জন্য আমাদের সবাইকে উজ্জীবিত হতে হবে। তাহলেই আমার মনে হয়, আবু সাঈদের আত্মা শান্তি পাবে।