বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে একজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পরের পাশে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত (দুপুর ২টা) একজন যাত্রী নিখোঁজ ছিলেন। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা যমুনা নদীতে এখনো উদ্ধার অভিযান পরিচালানা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাস কাটার জন্য কয়েকজন যাত্রী নৌকায় করে নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যাচ্ছিলেন। পথে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। প্রথমে ১০ জন নিখোঁজ ছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় ৯ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাই বর্তমানে সুস্থ আছেন।
নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। পরে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ জানান, একজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজতে ডুবুরি দল নদীতে কাজ করছে। তবে নদীতে স্রোত থাকায় উদ্ধার কাজে কিছুটা সমস্যা হচ্ছে।