শুধু খাল খনন নয়, কোনো ক্ষেত্রেই দুর্নীতি সহ্য করা হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সব উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ রাখা হবে না।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, সরকারের লক্ষ্য সব ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা। খাল খনন কর্মসূচিসহ কোনো ক্ষেত্রেই দুর্নীতি সহ্য করা হবে না এবং প্রতিটি কাজ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে।

আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলার মুরাইল ভাবকী এলাকায় খাল খনন ও পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় জেলায় প্রায় সাড়ে ১৫ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কাজের কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সব উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ রাখা হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, সদ্য নিয়োজিত জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আরাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতারা।

দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির আওতায় জয়পুরহাটে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ১৫ দশমিক ৩১ কিলোমিটার দৈর্ঘ্যের চারটি খাল পুনঃখনন করা হচ্ছে। এ কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ৩ কোটি টাকা।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী কাথাইল গোপীনাথপুর স্কুল মাঠে আয়োজিত একটি আলোচনা সভায় অংশ নেন।

পরে বিকালে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন তিনি। একই সঙ্গে জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভাও করেন প্রতিমন্ত্রী।

আরও