দিনাজপুরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে দুই ভাইবোন একসঙ্গে ভাদুরিয়া বাজার এলাকায় প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়

দিনাজপুরের নবাবগঞ্জে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাকের চাপায় আল আমিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন সুমনা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ভাদুরিয়া বাজারে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আহত সুমনাও একই বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বাবা ভাদুরিয়া বাজারের উবারেরপাড় এলাকার বাসিন্দা শামিম।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে দুই ভাইবোন একসঙ্গে ভাদুরিয়া বাজার এলাকায় প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়।

এতে আল আমিন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় সুমনাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক সাজিদ আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান।

আরও