ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। আজ সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকার সুলতানা পাম্পের বিপরীতে ঘোপাল ইউনিয়নের চৌধুরীপাড়া সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন জিসান (২৩) সোনাগাজী উপজেলার সমপুর গ্রামের ডাক্তার বাড়ির আবু তৈয়বের ছেলে। আহত জিহানুল ইসলাম (২৩) বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জিসান ও জিহানুল মোটরসাইকেলে করে মহাসড়কের ঢাকামুখী লেনে ফেনীর দিকে যাচ্ছিলেন। তারা মুহুরীগঞ্জ এলাকার সুলতানা পাম্পের বিপরীতে চৌধুরীপাড়া সড়কের মুখে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত জিহানুলকে হাসপাতালে ভর্তি করা হয়।
ফাজিলপুর মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। জিসানের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান।